Baruipur Case: নাবালিকাকে ধর্ষণ করে খুন, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১
তৃতীয়পক্ষ ওয়েবডেস্ক : বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ থাকার পর ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। ক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের শান্ত থাকার আবেদন জানিয়ে মাইকিং করে পুলিশ।
এই ঘটনার জেরে ধর্ষণ ও খুনের অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে স্থানীয়দের একাংশ গণপিটুনি দেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার মৃত্যুর পাশাপাশি গণপিটুনির ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে।










