Donald Trump: আজ রাতেই মানব সভ্যতা ধ্বংস? কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
Donald Trump: আজ রাতেই মানব সভ্যতা ধ্বংস? কড়া হুশিয়ারি ট্রাম্পের
তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর বক্তব্য ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে—তাহলে কি যুক্তরাষ্ট্র ইরানে পরমাণু হামলার পথে এগোচ্ছে? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে।

আজ নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, “একটি সম্পূর্ণ সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যেতে পারে—যা আর কখনও ফিরে আসবে না। আমি তা চাই না, কিন্তু পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। তবে যদি সম্পূর্ণ শাসন পরিবর্তনের মাধ্যমে আরও বুদ্ধিমান ও কম চরমপন্থী নেতৃত্ব আসে, তাহলে হয়তো অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংসতার অবসান ঘটবে। মহান ইরানের জনগণের জন্য শুভকামনা রইল।”
এদিকে স্ট্রেইট অফ হরমুজ (Strait of Hormuz) ইস্যুতে চাপ বাড়িয়েছে আমেরিকা। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে ইরান যদি কোনও পদক্ষেপ না নেয় বা আলোচনায় না আসে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। আমেরিকার সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্রখর্গ আইল্যান্ড (Kharg Island)-এ হামলার খবর সামনে এসেছে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এই ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে।
ইরানের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘমেয়াদি ও আরও ভয়ংকর আকার নিতে পারে। ইতিমধ্যেই মার্কিন-ইজরায়েলি হামলায় ইরানের একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন, তবুও তেহরান পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। ফলে স্থলযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন—মাত্র পাঁচ দিনের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে।










