কবিতা: অর্ণব চৌধুরী
এই আষাঢ়ে
মেঘের পৃথিবীতে একাকী ঘুরিফিরি
অজানা ব্যস্ততা— স্পষ্ট হয়
অন্ধকার দিন বাতাস ঝিরিঝিরি
স্বদেশ ভাসছে প্রপঞ্চময়
মিথ্যে দুনিয়ার সত্য দিনকালে
তোমার ছবি শুধু চিরনতুন
আঁধারে চমকায় পথের প্রাক্কালে
আষাঢ়ে নীমিলিত কী কৌতুক
হয় না কিছু জানা, স্পর্শ করি জল
একটা দিন শুধু— ভরালো সুর
শরীরমনে বাড়ে তোমারই অভিমান
মেঘের ভেলা হয়ে যাচ্ছি দূর
কালচে টালিঘর শহর জুড়ে ভেজে
মাটির সরা যেন এ-সংসার
অঝোর হাওয়া দেয়, রেলব্রীজের নিচে
ভিজছে লাল শাড়ি কী জানি কার!
***********************************
নির্জন
তোমার নির্জনতা আমি তোমাকেই তুলে এনে দিই
তুমি তাতে ভাসাও আমাকে…
গোধূলির মুখে তার ব্যথায় হারানো চোখ
বাঁশির দিগন্তব্যাপী সুর, যমুনার আলো
হাসের পালক হয়ে ভেসে আসা ছাতিমের পাতা
দূরে আলো জ্বলে ঘরে
তোমার শরীরে দেখি
নির্জনতা ফুল হয়ে ফুটে ওঠো ভোরে










