বিজ্ঞান চর্চায় উৎসাহ দিতে বগুলা ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের অভিনব উদ্যোগ
বিজ্ঞান চর্চায় উৎসাহ দিতে বগুলা ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের অভিনব উদ্যোগ
সুপার কম্পিউটার থেকে স্যাটেলাইট, মোবাইল থেকে রোবটিক সার্জারি আমরা এমন একটা সময়ে বাস করছি যেটা পুরোপুরি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। এরকম একটা সময়ে দাঁড়িয়ে অটোমেশন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবন চাহিদা এমনকি পৃথিবীকে আমূল বদলে দিয়েছে।
বিজ্ঞানের আলো এবং আকর্ষণকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে এবার অভিনব উদ্যোগ নিলো বগুলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়। নদীয়া জেলার হাঁসখালি ব্লকের অন্তর্গত প্রায় পনেরোটি উচ্চ বিদ্যালয়কে নিয়ে ১১ সেপ্টেম্বর আয়োজন করা হয় একটি বিজ্ঞান প্রদর্শনী ও সেমিনার। বিভিন্ন স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিভিন্ন মডেল নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহন করে। ছিল প্রেজেন্টেশনের ব্যবস্থা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীঅসীম বিশ্বাস মহাশয়। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আগামীদিনে এলাকায় বিজ্ঞান চেতনার প্রসারে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের এই আয়োজন এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্বাগত ভাষণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কুমকুম ভট্টাচার্য বলেন আমাদের বিদ্যালয়ের জন্য আজ এক আনন্দের দিন, আশা করি এই ছোট ছোট উদ্যোগগুলো ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতার আলো পৌঁছে দেবে। মূলত বিদ্যালয়ের শিক্ষক প্রদীপকুমার বিশ্বাস, অসিত সিকদার, দিব্যেন্দু ভট্টাচার্য, মৌমিতা মণ্ডল, বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখের তত্ত্বাবধানে এই প্রদর্শনী ও সেমিনার সফল ভাবে আয়োজন করা হয়। সেমিনারের বিষয় ছিলো “কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে মানুষ কী হেরে যাবে তবে?” এই বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট লেখক শিক্ষক সৈকত ঘোষ। এছাড়া স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে একটি সংক্ষিপ্ত ও ধারালো বক্তব্য রাখেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সত্যব্রত ভট্টাচার্য।

সর্বোপরি পদার্থবিদ্যা রসায়ন ইলেকট্রনিক্স থেকে জীববিদ্যা ভূগোল ও পরিবেশবিজ্ঞানের ওপর প্রায় তিরিশটা মডেল প্রদর্শিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুলা অঞ্চলের বিশিষ্ট বিজ্ঞান ও শিক্ষানুরাগীগণ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ একাধিক শিক্ষক শিক্ষিকা গুণীজন। বিজ্ঞান বিষয়ক এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।










