Healthy Mind: রাগ নয়, নিয়ন্ত্রণই শক্তি: ১০টি টোটকা
Healthy Mind: রাগ নয়, নিয়ন্ত্রণই শক্তি: ১০টি টোটকা
অল্পতেই কি আপনি রেগে যান? কথায় কথায় মেজাজ হারিয়ে এমন কিছু বলে বা করে ফেলেন যার জন্য পরে নিজেকেই আফসোস করতে হয়? আবার রাগের বশে সম্পর্ক নষ্ট হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে, এমনকি প্রভাব পড়ছে নিজের শরীরেও? তাহলে এবার একটু রাশ টানা প্রয়োজন। রাগ করে নিজের রক্তচাপ রকেটের গতিতে না বাড়িয়ে, বরং রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন।
১. কথা বলার আগে একটু সময় নিন
রাগের মাথায় মুখ ফসকে অনেক কিছুই বেরিয়ে যায়, যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। তাই কিছু বলার আগে কয়েক সেকেন্ড সময় নিন। নিজে পরিস্থিতিটা বুঝুন এবং সামনের মানুষটিকেও ভাবার সুযোগ দিন।
২. মাথা ঠান্ডা করে ক্ষোভ প্রকাশ করুন
মস্তিষ্ক যখন শান্ত ও পরিষ্কারভাবে ভাবতে সক্ষম, ঠিক তখনই নিজের বিরক্তি বা রাগ প্রকাশ করুন। তবে খেয়াল রাখবেন, তা যেন কখনোই আক্রমণাত্মক বা যুদ্ধের মেজাজে না হয়। নিজের অসম্মতি জানান, কিন্তু অপরকে অপমান করে নয়।
৩. শারীরিক ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন
শরীরচর্চা মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেয়। রাগের পারদ যখন চড়তে শুরু করে, তখন কিছুক্ষণ দ্রুত পায়ে হেঁটে আসুন বা হালকা ব্যায়াম করুন। এতে মন অন্যদিকে ঘুরে যায় এবং রাগ প্রশমিত হয়।
৪. নিজের জন্য ছোট্ট একটি ‘টাইম-আউট’ নিন
কাজের ফাঁকে বিরতি শুধু ছোটোদের জন্যই নয়, বড়োদেরও প্রয়োজন। দিনের যে সময়টায় সবচেয়ে বেশি মানসিক চাপ থাকে, তখন নিজের জন্য ছোট্ট একটি ব্রেক নিন। এই নিরিবিলি সময়টুকু আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং পরবর্তী কাজগুলো শান্তভাবে করতে সাহায্য করবে।
৫. কারণ না খুঁজে সমাধানে মনোযোগ দিন
কী কারণে রাগ হচ্ছে, তা নিয়ে পড়ে না থেকে বরং কীভাবে সেই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে ভাবুন। যেমন, বাচ্চারা ঘর অগোছালো করলে ঘরের দরজা বন্ধ করে দিন। পার্টনার রোজ ডিনারে দেরি করলে, সন্ধ্যায় হালকা কিছু খেয়ে নিন। অর্থাৎ, রাগের কারণগুলো সুকৌশলে এড়িয়ে চলুন।
৬. অভিযোগের বদলে নিজের অনুভূতি স্পষ্ট করুন
অন্যের সমালোচনা না করে নিজের পছন্দ-অপছন্দগুলো বুঝিয়ে বলুন। যেমন, “তুমি তো কোনো কাজই করো না”—এমনটা না বলে বলতে পারেন, “সব কাজ একা হাতে সামলাতে আমার খুব কষ্ট হয়, তুমি একটু সাহায্য করলে আমার ভালো লাগত।”

৭. রাগ পুষে না রেখে ক্ষমা করতে শিখুন
মনের মধ্যে ক্ষোভ বা রাগ জমিয়ে রাখলে দিনশেষে ক্ষতি আপনারই। নেতিবাচক চিন্তায় ডুবে থাকলে জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যায়। তাই ক্ষমা করতে শিখুন। মনে রাখবেন, সবাই সব সময় আপনার মনের মতো চলবে—এমনটা আশা করাও ঠিক নয়।
৮. পরিস্থিতি হালকা করতে হাস্যরসের সাহায্য নিন
অতিরিক্ত মানসিক চাপ ও টেনশন কাটাতে হাসি-ঠাট্টার কোনো বিকল্প নেই। মজার কথা বলে পরিস্থিতি হালকা করে নিন। তবে খেয়াল রাখবেন, নিজের রাগ কমাতে গিয়ে যেন অন্যের অনুভূতিতে আঘাত বা কাউকে ব্যঙ্গ করা না হয়।
৯. নিজেকে রিল্যাক্স করার কৌশলগুলো রপ্ত করুন
মেজাজ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন চোখ বন্ধ করে কয়েকবার গভীরভাবে শ্বাস নিন ও ছাড়ুন। নিজের পছন্দের কোনো গান শুনুন, বই পড়ুন বা কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কথা ভাবুন। যা করতে আপনার মন ভালো হয়, সেই কাজগুলোতে বেশি মনোযোগ দিন।
১০. প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন
উপরের কোনো কিছুতেই যদি কাজ না হয় এবং দেখেন রাগ কোনোভাবেই আপনার নিয়ন্ত্রণে আসছে না, যার ফলে আপনার বা আপনার চারপাশের মানুষের ক্রমাগত ক্ষতি হচ্ছে—তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সাহায্য নিতে দ্বিধা করবেন না।










